মুম্বইতে ফের বোমা আতঙ্ক: অমিতাভের জলসা ও দিলজিতের কনসার্টে হামলার হুমকি

মুম্বইতে ফের বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মেয়র রিতু তাওয়াড়ে এবং বিএমসি কমিশনার অশ্বিনী ভিড়েকে উদ্দেশ্য করে পাঠানো একটি ইমেলে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হামলার হুমকি দেওয়া হয়েছে।
প্রেরক টানা ৩০ দিন ধরে গ্রেনেড হামলার হুমকি দিয়ে আসছে বলে জানা গিয়েছে। ইমেলটিতে খালিস্তান, ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসা এবং বব্বর খালসা ও খালিস্তান ন্যাশনাল আর্মির মতো সংগঠনের উল্লেখ রয়েছে। মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত দিলজিতের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছে।
এই ঘটনার জেরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে এমন হুমকি নতুন নয়। এর আগে বেঙ্গালুরুতে তাঁর কনসার্টেও আইইডি বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। আগামী ২৯ নভেম্বর বেঙ্গালুরুর মাডাভারা-র নাইস গ্রাউন্ডে গায়কের পরবর্তী কনসার্ট হওয়ার কথা রয়েছে। মুম্বইয়ের ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।