রাজারহাটে ফ্যাশন ডিজাইনিং পড়ুয়ার রহস্যজনক মৃত্যু, বন্ধুর বয়ানে ধোঁয়াশা
রাজারহাটের কালিকাপুর-আটঘরা এলাকায় এক ফ্যাশন ডিজাইনিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম বর্ষণ জানা, বয়স ২০ বছর। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ছিলেন এবং নিউ টাউনের বিশ্ববাংলা গেট সংলগ্ন একটি বেসরকারি কলেজে পড়াশোনা করতেন।
জানা গেছে, বর্ষণ রাজারহাটের ওই বাগানবাড়িতে একাই ভাড়া থাকতেন। বুধবার দুপুরে বাড়ির সামনের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, উদ্ধারের সময় ছাত্রটির পরনে ছিল নীল রঙের হাফ প্যান্ট ও টি-শার্ট। তাঁর কানে একটি ব্লুটুথ হেডফোন লাগানো ছিল এবং পাশেই মোবাইল ফোনটি পড়েছিল। পুলিশ দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তকারীরা ওই ছাত্রের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করছেন। এই ঘটনার সঙ্গে মঙ্গলবার রাতের একটি যোগসূত্র নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে পটাশপুরেরই এক বন্ধু বর্ষণের বাড়িতে এসেছিলেন। ওই বন্ধুর দাবি, রাতে বর্ষণ খাটে এবং তিনি মেঝেতে ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। বর্তমানে ওই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং রাজারহাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।