সম্পত্তির লোভে স্বামীকে বিষ, গাজিয়াবাদে গ্রেপ্তার স্ত্রী

গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনায়, স্বামীর কোটি টাকার সম্পত্তি আত্মসাতের লোভে তাঁকে ও পরিবারের সদস্যদের ধীরে ধীরে বিষপ্রয়োগ করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন স্ত্রী রেনু ভাটনগর।

ব্যবসায়ী সুশীল কুমার ভাটনগর দীর্ঘদিন ধরে অসুস্থ বোধ করায় চিকিৎসকের শরণাপন্ন হন। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে তাঁর শরীরে বিষাক্ত মাত্রার সীসার উপস্থিতি ধরা পড়ে। একই ধরনের উপসর্গ দেখা গিয়েছিল তাঁর ছেলে ও ভাগ্নের শরীরেও, যা সন্দেহের জন্ম দেয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত রেনু ভাটনগর স্বামীর ৬ কোটি টাকার ট্র্যাভেল এজেন্সি এবং ২ কোটি টাকার জীবন বীমা পলিসির অর্থের লোভে এই ভয়াবহ ষড়যন্ত্র করেছিলেন। তিনি স্বীকার করেছেন যে, স্বামী ও পরিবারের সদস্যদের মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক হওয়ার উদ্দেশ্যেই তিনি খাবারে নিয়মিত সীসা মেশাতেন।

এই ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর সুশীল কুমার ভাটনগর তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইন্দিরাপুরম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে পুলিশ। দীর্ঘ তদন্তের পর গত ২৩ নভেম্বর ইন্দিরাপুরম পুলিশ রেনু ভাটনগরকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেছেন। এই ভয়াবহ ষড়যন্ত্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *