তিরুপারকুন্দরাম মন্দিরে প্রদীপ জ্বালানো নিয়ে ধুন্ধুমার: পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, আটক নেতা

তামিলনাড়ুর তিরুপারকুন্দরাম মুরুগান মন্দিরে কার্থিগাই দীপম উৎসবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মন্দিরের দীপাথুন পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানোর দাবিতে বিজেপি কর্মী ও সমর্থকরা মন্দির চত্বরের বাইরে জড়ো হন। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং বিজেপি কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
মন্দির কর্তৃপক্ষ প্রথা অনুযায়ী উচি পিল্লায়ার মন্দিরের উপরে মহা দীপম প্রজ্জ্বলন করে। তবে দীপাথুন পাথরের স্তম্ভে কোনো প্রদীপ জ্বালানো হয়নি। এই ঘটনার আগে বিজেপি নেতা এসজি সূর্য এবং পুলিশ কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এই ঘটনার পাশাপাশি, মাদুরাই যাওয়ার পথে তিরুনেলভেলির থাচানাল্লুর চেকপোস্টে তামিলনাড়ু বিজেপির সভাপতি নাইনর নগেন্দ্রন ও তার সমর্থকদের পুলিশ আটক করে। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল। আদালত একটি ‘জন ডো’ আদেশ জারি করে জনসাধারণকে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো প্রকার সমর্থন বা বিশৃঙ্খলা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। একইসঙ্গে, নিষেধাজ্ঞামূলক আদেশের অধীনে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।