মেডিক্যাল কলেজে অফলাইন ভর্তি: স্বচ্ছতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের, রিপোর্ট চাইল আদালত

রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে অফলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি চলাকালীন কাউন্সেলিং কমিটির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।
আদালতে অভিযোগ উঠেছে, গত ১১ আগস্ট একটি বিজ্ঞপ্তির মাধ্যমে অফলাইনে আসন বণ্টনের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে মেডিক্যাল ভর্তিতে আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। মামলাকারীর আইনজীবী সওয়াল করেন যে, নিয়ম অনুযায়ী নিট-ইউজি পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সেলিং ছাড়া ভর্তির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
কিন্তু এই নিয়মকে উপেক্ষা করে কীভাবে ডোনার, ট্রাস্ট কোটা এবং সেন্ট্রাল পুল কোটায় ভর্তি নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়েছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রিপোর্টে ভর্তি হওয়া প্রার্থীদের প্রাপ্ত নম্বর, র্যাঙ্ক এবং তাদের বিস্তারিত তথ্য উল্লেখ করতে বলা হয়েছে। যোগ্য প্রার্থীদের ভর্তি নিশ্চিত করার পাশাপাশি ইতিমধ্যে কাদের ভর্তি নেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকাও আদালতে পেশ করতে হবে।