কলকাতায় আরও শক্তিশালী নেক্সাস সিলেক্ট ট্রাস্ট: ডায়মন্ড প্লাজা অধিগ্রহণ, ৩৫৫ কোটির চুক্তি

উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং মল ডায়মন্ড প্লাজা অধিগ্রহণ করল নেক্সাস সিলেক্ট ট্রাস্ট। যশোর রোড সংলগ্ন প্রায় ৩,৯৬,৬০৯ বর্গফুট আয়তনের এই গ্রেড-এ বাণিজ্যিক সম্পত্তিটি এতদিন সুপার ডায়মন্ড এন্টারপ্রাইজেসের মালিকানাধীন ছিল। ৩৫৫ কোটি টাকার বিনিময়ে এই গুরুত্বপূর্ণ লেনদেন সম্পন্ন হয়েছে। এই অধিগ্রহণে রিয়েল এস্টেট সংস্থা অ্যানারক পরামর্শদাতার ভূমিকা পালন করেছে।
ডায়মন্ড প্লাজা উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ কেনাকাটা ও বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত। এই মলে পিভিআর, রিলায়েন্স ডিজিটাল, প্যান্টালুনস, ম্যাক্স এবং বারবিকিউ নেশনের মতো একাধিক নামী ব্র্যান্ডের উপস্থিতি রয়েছে। প্রতিদিন বহু মানুষ কেনাকাটা ও বিনোদনের জন্য এখানে ভিড় জমান।
এই মালিকানা পরিবর্তনের পর মলটির পরিচালনা পদ্ধতি বা ব্র্যান্ড বিন্যাসে কোনো পরিবর্তন আসে কি না, তা নিয়ে ব্যবসায়িক মহলে কৌতূহল তৈরি হয়েছে। উল্লেখ্য, নেক্সাস সিলেক্ট ট্রাস্ট দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল পরিচালনার দায়িত্বে আগে থেকেই রয়েছে। ডায়মন্ড প্লাজা অধিগ্রহণের মাধ্যমে সংস্থাটি কলকাতার দুই প্রান্তেই নিজেদের ব্যবসায়িক উপস্থিতি আরও শক্তিশালী করল।
এই চুক্তির আগে নেক্সাস সিলেক্ট ট্রাস্টের অধীনে দেশের ১৫টি শহরে ১৯টি শপিং মল ছিল, যার মোট আয়তন প্রায় ১ কোটি ৭ লাখ বর্গফুট। নতুন এই সংযোজন পূর্ব ভারতে তাদের খুচরো ব্যবসার পরিসর বৃদ্ধিতে কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।