অ্যাপলের ‘নেমড্রপ’ ফিচার নিয়ে বিতর্ক: ১৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি ভারতীয় স্টার্টআপের

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে আইনি লড়াইয়ে নেমেছে ভারতীয় স্টার্টআপ জিজি টেকনোলজিস। আইআইটি দিল্লির প্রাক্তন ছাত্র গৌরব গোয়েলের প্রতিষ্ঠিত এই সংস্থাটি দাবি করেছে, অ্যাপলের জনপ্রিয় ‘নেমড্রপ’ ফিচারটি তাদের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই গুরুতর অভিযোগের ভিত্তিতে অ্যাপলের কাছে প্রায় ১,৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে জিজি টেকনোলজিস।
জিজি টেকনোলজিস ২০১৯ সালে ‘স্টেটাচ’ নামে একটি অ্যাপ চালু করেছিল। এই অ্যাপের মাধ্যমে দুটি ফোন পাশাপাশি এনে যোগাযোগের তথ্য আদান-প্রদান করা যেত। সংস্থাটির দাবি, ‘মেথড অ্যান্ড সিস্টেম ফর প্রক্সিমিটি-বেসড কন্টাক্ট ট্রান্সফার’ প্রযুক্তির জন্য তাদের কাছে ভারতীয় পেটেন্ট রয়েছে, যা তারা ২০২৪ সালের জুলাই মাসে লাভ করেছে। উল্লেখ্য, অ্যাপল ২০২৩ সালে তাদের আইওএস ১৭ আপডেটের মাধ্যমে নেমড্রপ ফিচারটি বাজারে আনে।
এই পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ নিয়ে জিজি টেকনোলজিস বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তারা আদালতের কাছে আবেদন জানিয়েছে যে, মামলা চলাকালীন ভারতে অ্যাপলের নেমড্রপ ফিচারটি বন্ধ রাখা হোক এবং সফটওয়্যার আপডেটের মাধ্যমে তা নিষ্ক্রিয় করা হোক। এর পাশাপাশি, বিতর্কিত এই ফিচারযুক্ত অ্যাপল ডিভাইসগুলোর বিক্রি ও আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির দাবিও তোলা হয়েছে। প্রযুক্তি মহলে এই আইনি পদক্ষেপ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।