এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু: জিকসনের গোলে আল হুসেনকে হারিয়ে জয়ের সরণিতে ইস্টবেঙ্গল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে জয় পেল ইস্টবেঙ্গল। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ১-০ গোলে জর্ডনের ক্লাব আল হুসেনকে পরাজিত করেছে। ম্যাচের ৮৭ মিনিটে রশিদের কর্নার থেকে ডেভিডের ব্যাকহিল রিসিভ করে ঠান্ডা মাথায় গোলটি করেন জিকসন সিং।

এই জয়ের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এবং আইএসএল মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল আন্তোনিও হাবাসের দল। ম্যাচটিতে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ছিল অত্যন্ত তৎপর। আনোয়ার আলি এবং এডমুন্ড লালরিনডিকার অনুপস্থিতিতেও ডিফেন্ডাররা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যান। তবে এদিন ভাগ্যও ছিল ইস্টবেঙ্গলের সহায়। আল হুসেনের মোট চারটি শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়, যা নিশ্চিত গোল থেকে বাঁচায় কলকাতার প্রধানকে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের দানি রামিরেজের একটি শটও গোলপোস্টে লেগে ফিরে আসে।

এই জয়ের ফলে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। এর ফলে টুর্নামেন্টের পরবর্তী পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে রইল লাল-হলুদ। আগামী ৮ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে আল শোর্তার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ডার্বির আগে এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *