ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা: দিল্লির আদালতের কড়া পদক্ষেপ

দিল্লির সাকেত আদালত ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০১৮ সালের মে মাসে আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে এই আইনি জটিলতার সূত্রপাত। বিকাশ সাংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি এই মানহানির মামলাটি দায়ের করেছিলেন।

বিতর্কিত ওই ভিডিওতে রাঠি দাবি করেছিলেন যে, তাঁকে বদনাম করার উদ্দেশ্যে বিজেপির আইটি সেল পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে শেয়ার হয় এবং দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেটি রিটুইট করেছিলেন। এর পরেই পান্ডে রাঠি ও কেজরিওয়াল উভয়ের বিরুদ্ধেই অপরাধমূলক মানহানির মামলা রুজু করেন।

আদালত ২০১৯ সালের জুলাই মাসে প্রথমবার রাঠিকে তলব করেছিল। তবে গত কয়েক বছর ধরে বারবার চেষ্টা সত্ত্বেও তাঁকে সমন পাঠানোর প্রক্রিয়া সফল হয়নি। আগের শুনানিতে আদালতকে জানানো হয়েছিল যে, গুরগাঁওয়ে রাঠির বাড়িতে সমন দিতে গিয়ে সেটি তালাবন্ধ পাওয়া যায়। অভিযোগকারীর দাবি, ধ্রুব রাঠি মূলত বিদেশে বসবাস করেন বলেই সমন পাঠানোর প্রক্রিয়া বারবার ব্যর্থ হচ্ছে। আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিযোগকারীকে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যাওয়ার অনুমতিও দিয়েছিল আদালত। জামিনযোগ্য পরোয়ানা কার্যকর না হওয়ায় এবার সাকেত আদালত ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতের এই কড়া পদক্ষেপের পর পরবর্তী শুনানিতে কী নির্দেশ আসে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *