গ্রামীণ ব্যাংকের শাখায় লাগাতার পেট্রলবোমা হামলা: ড. ইউনূসের গুরুতর অভিযোগ

বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলার অভিযোগ তুলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এই ঘটনাগুলির পিছনে একটি পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
ইউনূসের অভিযোগ, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে এবং আক্রমণের ধরন দেখে মনে হচ্ছে অভিযুক্তেরা উপরমহল থেকে নিয়মিত নির্দেশ পাচ্ছেন। তিনি গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে জানান, এর ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই দরিদ্র মহিলা। এই মহিলারাই ব্যাংকের প্রকৃত মালিক এবং তাঁদের সংসার ও সন্তানদের ভবিষ্যতের অন্যতম ভরসা এই ঋণ। ধারাবাহিক হামলার ফলে লক্ষ লক্ষ মহিলা ঋণগ্রহীতা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও তিনি দাবি করেছেন।
ব্যাংকটির মালিকানা ও পরিচালনার সঙ্গে বর্তমানে তাঁর কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন ইউনূস। তিনি জানান, ২০১১ সালে তাঁকে ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাঁর কোনো শেয়ারও নেই। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ইউনূস দ্রুত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে দরিদ্র মহিলাদের জন্য ব্যাংকিং পরিষেবা ব্যাহত না হয়।