ধর্মতলার হোটেলে মিলল জার্মান পর্যটকের নিথর দেহ, রহস্য ঘনীভূত

কলকাতার ধর্মতলার একটি হোটেল থেকে এক জার্মান পর্যটকের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৬৭ বছর। সোমবার সকাল ৯টা ৪১ মিনিট নাগাদ নিউ মার্কেট থানা এলাকার ওই হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই জার্মান নাগরিক ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন। তিনি দিল্লি ও বারাণসী ঘুরে গত ২১ নভেম্বর কলকাতায় পৌঁছান। হোটেল সূত্রে আরও জানা গেছে, আগামী ২৫ নভেম্বর তাঁর বার্লিনে ফিরে যাওয়ার কথা ছিল।
রবিবার থেকেই তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। সোমবার একটি ট্র্যাভেল এজেন্সির পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নজরে আসে। এরপর হোটেল কর্মীরা ওই ঘরে গিয়ে বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ওই পর্যটকের দেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃতের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে দেহটি ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নিউ মার্কেট থানা এবং লালবাজারের হোমিসাইড শাখা।