বিসলেরির পানীয় জলে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, আইনি পদক্ষেপের পথে FSSAI

ভারতের খাদ্য সুরক্ষা সংস্থা (FSSAI) বিখ্যাত পানীয় জল প্রস্তুতকারী সংস্থা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের নমুনা পরীক্ষায় নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিমাণে ‘ব্রোমেট’ এবং ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন’ (PAHs) পাওয়া গিয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

FSSAI সূত্রে জানা গেছে, বিসলেরির কারখানা থেকে সংগৃহীত জলের নমুনা প্রাথমিক পরীক্ষায় ‘অসুরক্ষিত’ বলে গণ্য হয়। এরপর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠানো হলেও সেখানেও একই ফলাফল পাওয়া যায়। তৃতীয়বার পরীক্ষার পরেও জলটি অসুরক্ষিত প্রমাণিত হওয়ায় ২০০৬ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান আইন অনুযায়ী সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, গুণমান ও লেবেলিংয়ে গাফিলতির অভিযোগে ‘আশা কনফেকশনারি’ নামক অপর একটি সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে FSSAI। তাদের চকোলেট-ফিল্ড কুকিজে নিষিদ্ধ রঙের ব্যবহার এবং প্যাকেটে বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ মিলেছে। এই কারণে ওই সংস্থার সমস্ত পণ্য বাজার থেকে অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যদ্রব্যের মান বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে FSSAI এই ধরনের কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *