রাতে বেশি নুন খাচ্ছেন? সতর্ক হন, ডেকে আনছেন একাধিক শারীরিক সমস্যা

রাতে অতিরিক্ত নুনযুক্ত খাবার, যেমন চিপস বা নুডলস খাওয়ার অভ্যাস আপনার স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি কেবল ঘুমের গুণমানই নষ্ট করে না, শরীরের হরমোনের ভারসাম্যেও ব্যাঘাত ঘটায়।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ফলে শরীরে তেষ্টা বাড়ে, বারবার প্রস্রাবের বেগ আসে এবং রাতের রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, যা পরদিন সকালে স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা বাড়িয়ে দিতে পারে।
দীর্ঘমেয়াদে এই অভ্যাস শরীরের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করে এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর চাপ সৃষ্টি করে। অতিরিক্ত নুন শরীরে জল ও রক্তচাপের ভারসাম্য রক্ষাকারী হরমোনগুলোর কার্যকারিতাতেও পরিবর্তন আনে। সোডিয়ামের আধিক্যের কারণে অ্যালডোস্টেরন ও ভ্যাসোপ্রেসিন হরমোনের কাজে প্রভাব পড়ে, যার ফলে সকালে ঘুম থেকে ওঠার পর মুখ বা আঙুল ফোলা মনে হতে পারে।
উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা বা হার্টের অসুখ রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত নুন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এমনকি স্লিপ অ্যাপনিয়ার রোগীদের ক্ষেত্রেও এটি শ্বাসনালির আশেপাশে তরল জমার সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন প্রাপ্তবয়স্কের জন্য দিনে ৫ গ্রামের কম নুন খাওয়ার পরামর্শ দেয়।
এই ক্ষতিকর প্রভাব কমাতে ঘুমোতে যাওয়ার অন্তত ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। খাবারে নুনের পরিমাণ কমাতে লেবু, পুদিনা পাতা বা ভাজা জিরের ব্যবহার করা যেতে পারে। এছাড়া দই, কলা ও শাকসবজির মতো পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা উপকারী। তবে কোনো শারীরিক জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া পটাশিয়ামযুক্ত বিকল্প নুন ব্যবহার করা উচিত নয়।