বিষক্রিয়ার সন্দেহে গুরুতর অসুস্থ হিঙ্গালগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভেন্টিলেশনে চিকিৎসাধীন

উত্তর ২৪ পরগনার হিঙ্গালগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাতে নিজের বাড়িতে অসুস্থ বোধ করলে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চার ঘণ্টা চিকিৎসার পরেও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি।

রবিবার ভোরে তাঁকে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর, বিষক্রিয়ার সন্দেহে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *