দেহ মেলেনি, কুশপুতুল দাহ করে শেষকৃত্য সম্পন্ন হল নিখোঁজ বিজেপি কর্মীর

মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকার বাসিন্দা সুজিত মণ্ডল গত ২৮ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত সুজিতকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, খুনের পর দুষ্কৃতীরা তাঁর দেহ টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেয়।
ঘটনার পর দেহের কিছু অংশ উদ্ধার হলেও সম্পূর্ণ দেহ আজও খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও দেহ উদ্ধার না হওয়ায় প্রথা মেনে রবিবার ধুলিয়ান শ্মশানে সুজিত মণ্ডলের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এই হৃদয়বিদারক মুহূর্তে তাঁর নাবালক ছেলে কুশপুতুলকে প্রতীকী দেহ হিসেবে দাহ করে বাবাকে শেষ বিদায় জানায়। শ্মশানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব।
মালদা দক্ষিণ জেলার সহ-সভাপতি মিলন মণ্ডল জানান, দেহ না পাওয়ায় প্রতীকীভাবে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তিনি সুজিতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং জানান, দ্রুত যাতে পরিবারটি সরকারি আর্থিক সাহায্য পায়, সে বিষয়ে দলের তরফে অনুরোধ জানানো হবে। বিজেপি নেতৃত্ব ঘটনার তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছে।