ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে, জানালেন বিয়ে ও সন্তান নিয়ে নিজের ইচ্ছার কথা

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আদিত্য রয় কাপুর ও ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পর, সম্প্রতি অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। লন্ডনে আরভের সঙ্গে অনন্যার কাটানো মুহূর্তের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনন্যা নিজের বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত রোমান্টিক এবং ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর। শুধু বিয়ে নয়, তিনি মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। সাত ও আটের দশকের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের স্বাধীন মত প্রকাশের সাহস নিয়ে বলতে গিয়ে অনন্যা জানান, এখনকার সময়ে নারীরা নিজেদের পছন্দ ও ক্যারিয়ারের পাশাপাশি সংসার ও সন্তান সামলানোর বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।
ক্যারিয়ারের পাশাপাশি স্বজনপোষণ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অনন্যা। তিনি জানান, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত এবং তাঁর বাবার কঠোর পরিশ্রমকে তিনি সম্মান করেন। তবে নিজের নামের সঙ্গে বাবার নাম জড়ানোকে নেতিবাচকভাবে দেখা হোক, তা তিনি চান না। বর্তমানে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করছেন এই অভিনেত্রী।