সরকারি রাস্তা দখলের অভিযোগ: বিহারে বিজেপি বিধায়কের বাড়ির পাঁচিল ভাঙল প্রশাসন

সরকারি রাস্তা দখলের অভিযোগ: বিহারে বিজেপি বিধায়কের বাড়ির পাঁচিল ভাঙল প্রশাসন

বিহারের দ্বারভাঙা জেলার পৌখরাভিন্দা গ্রামে সরকারি রাস্তা ও নিকাশি নালা জবরদখল করে পাঁচিল নির্মাণের অভিযোগে অভিযান চালাল প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ওই বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ ছিল যে, সরকারি রাস্তা, নিকাশি নালা এবং মন্দির সংলগ্ন জমি দখল করে এই পাঁচিল তোলা হয়েছিল।

এই বিষয়ে বিহার সরকারের পোর্টাল ও মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হলে ডেপুটি কালেক্টর অজয় কুমার ও সার্কেল অফিসার অলোক কুমার ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। সরকারি জমি দখলের বিষয়টি প্রমাণিত হওয়ার পরই প্রশাসন উচ্ছেদ অভিযান চালায় এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করে দেয়।

সরকারি জমির পাশাপাশি বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুরের বাবার বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি দখলেরও পৃথক অভিযোগ উঠেছে। গত ৭ নভেম্বর এক গ্রামবাসী সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দাবি করেন যে, তাঁর জমিও দখল করা হয়েছে এবং প্রতিবাদ করায় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। যদিও বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তা অস্বীকার করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *