সমাজমাধ্যমে পোস্টের মামলায় ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সমাজমাধ্যমে পোস্টের মামলায় ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সমাজমাধ্যমে বিতর্কিত পোস্টের জেরে তলব পেয়ে ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২ মে সমাজমাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে একটি পোস্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই পোস্টের ভিত্তিতে ২৭ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই তিনি থানায় পৌঁছান।

অভিষেকের ওই পোস্টের বিরুদ্ধে ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারীর দাবি, মুখ্য নির্বাচন কমিশনারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করে ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছেন সাংসদ। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় বিদ্বেষ ছড়ানো, হিংসাত্মক আহ্বান, বিশৃঙ্খলা সৃষ্টি এবং গুজব ছড়ানোর মতো গুরুতর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।

অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরেও অভিষেক সমগ্র গুজরাতি সম্প্রদায়কে ‘গ্যাং’ বা অপরাধী চক্র হিসেবে উল্লেখ করেছেন, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর। উল্লেখ্য, শুক্রবার অন্য একটি মামলায় পুলিশ তাঁর বাড়িতে হাজিরার নোটিস দিয়ে এসেছিল। গিরিশ পার্ক থানায় দায়ের হওয়া সেই মামলায় আগামী ২০ নভেম্বর তাঁকে তলব করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মে মাসের মামলায় শনিবার ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *