২০০৪ সালের সরকার গঠন ও জ্যোতি বসুকে নিয়ে স্মৃতিকথায় যা লিখলেন সোনিয়া গান্ধী

২০০৪ সালের সরকার গঠন ও জ্যোতি বসুকে নিয়ে স্মৃতিকথায় যা লিখলেন সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ ২০০৪ সালের সরকার গঠন ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির নানা তথ্য উঠে এসেছে। সেই সময় ইউপিএ সরকার গঠনের ক্ষেত্রে বামেদের সমর্থন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৫ মে ২০০৪ সালে কংগ্রেস সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হওয়ার পর সোনিয়া গান্ধী সিপিএমের প্রবীণ নেতা জ্যোতি বসুর সঙ্গে সরাসরি আলোচনা করেছিলেন। জোট সরকার গঠনের লক্ষ্যে তিনি সিপিএমকে সরকারে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন।

স্মৃতিকথায় সোনিয়া গান্ধী সিপিএমের সদর দপ্তরে জ্যোতি বসুর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করেছেন। সেই সময় জ্যোতি বসু তাঁকে লিফট পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। একজন স্নেহশীল অভিভাবকের মতো তাঁর পিঠে হাত রেখে জ্যোতি বসু বলেছিলেন, “খুব ভাল মেয়ে, খুব ভাল মেয়ে, তুমি দারুণ কাজ করছো।” তৎকালীন জাতীয় রাজনীতিতে জ্যোতি বসুর প্রভাব ছিল অপরিসীম। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের আপত্তিতে তা সম্ভব হয়নি, যা পরে জ্যোতি বসু ‘ঐতিহাসিক ভুল’ বলে অভিহিত করেছিলেন।

২০০৪ সালের নির্বাচনে জয়ের পর সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী হওয়ার পরিবর্তে মনমোহন সিংকে বেছে নেন। স্মৃতিকথায় তিনি জানিয়েছেন, মনমোহন সিং দলের কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর প্রশাসনিক দক্ষতা, সততা এবং অভিজ্ঞতার ওপর আস্থা রেখেই সোনিয়া গান্ধী তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জোট রাজনীতির সেই জটিল সমীকরণের দিনগুলোতে হরকিষণ সিং সুরজিৎ ও সীতারাম ইয়েচুরির সঙ্গেও সোনিয়ার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল বলে বইটিতে উল্লেখ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *