বদলির প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, নতুন স্কুলে যোগ দিলেন প্রধান শিক্ষক সামসুল আলম

বদলির প্রক্রিয়া নিয়ে ক্ষোভ, নতুন স্কুলে যোগ দিলেন প্রধান শিক্ষক সামসুল আলম

ফাঁসিদেওয়ার মুরালীগঞ্জ হাইস্কুল থেকে উত্তর দিনাজপুরের শীতগ্রাম বিদ্যাভবনে প্রধান শিক্ষক হিসেবে বদলি হলেন সামসুল আলম। জনস্বার্থে তাঁকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে বদলি করা হয়েছে। তবে এই বদলি প্রক্রিয়া এবং রিলিজ অর্ডার দেওয়ার পদ্ধতি নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন বা বোর্ডের তরফে সরাসরি কোনো চিঠি না পাঠিয়ে অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে ই-মেলের মাধ্যমে নির্দেশ পাঠানো হয়।

সামসুল আলমের দাবি, ই-মেল পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তাঁকে রিলিজ অর্ডার ধরিয়ে দেওয়া হয়। দীর্ঘ ২২ বছর যে স্কুলকে তিনি তিলে তিলে গড়ে তুলেছেন, সেখান থেকে সহকর্মী ও পড়ুয়াদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ন্যূনতম সময়টুকুও তাঁকে দেওয়া হয়নি। গোটা প্রক্রিয়ায় সৌজন্যবোধের অভাব ছিল বলে তিনি মন্তব্য করেছেন।

সমস্ত বিতর্ক ও ক্ষোভকে পাশে সরিয়ে শুক্রবার তিনি শীতগ্রাম বিদ্যাভবনে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। সেখানে তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত শিক্ষিকা পিউ দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। নতুন দায়িত্ব গ্রহণের পর সামসুল আলম জানান, সরকারের এই বদলির সিদ্ধান্তকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন। মুরালীগঞ্জ হাইস্কুলের মতো শীতগ্রাম বিদ্যাভবনকেও রাজ্যের অন্যতম সেরা মডেল স্কুলে পরিণত করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *