জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে উদ্ধার দুই পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারের জঙ্গল থেকে বৃহস্পতিবার দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম রসপাল কুমার (৪০) এবং ববি চন্দ (৫৪)। তাঁরা দচ্ছন থানায় কর্মরত ছিলেন। বুধবার বিকেলে সেনার সঙ্গে টহলদারি চালানোর সময় তাঁরা নিখোঁজ হয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দচ্ছন-মারওয়া এলাকা থেকে ধেরনায় সেনাচৌকিতে যাওয়ার পথে তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজ হওয়ার সময় ওই এলাকায় গুলির আওয়াজ শুনতে পাওয়া গিয়েছিল বলে খবর। ঘটনার খবর পাওয়ার পরই রাষ্ট্রীয় রাইফেলস্ এবং পুলিশের যৌথবাহিনী রাতভর তল্লাশি অভিযান চালায়। বৃহস্পতিবার ভোরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাঁদের দেহ উদ্ধার হয়। মৃতদেহগুলির পাশ থেকে তাঁদের ব্যবহৃত বন্দুকও উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে এই ঘটনায় জঙ্গি হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। উল্লেখ্য, বুধবারই কুলগামে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কিশ্তওয়ারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ঘটনার নেপথ্যে জঙ্গি যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।