কেদারনাথে প্রাণ হারালেন ৪ যুবক, তবুও ছেলের ফেরার আশায় পথের দিকে চেয়ে মা! – বর্তমান বাংলা

কেদারনাথে প্রাণ হারালেন ৪ যুবক, তবুও ছেলের ফেরার আশায় পথের দিকে চেয়ে মা! – বর্তমান বাংলা

তুষারধসে নিখোঁজ রতন ঘোষের ফেরার অপেক্ষায় পরিবার, বাঁকুড়ায় ফিরল চারজনের দেহ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: কেদারতালের তুষারধসের ঘটনায় নিখোঁজ আটজনের মধ্যে সাতজনের দেহ উদ্ধার হলেও এখনও স্বজনহারা রতন ঘোষের পরিবারের প্রতীক্ষার প্রহর শেষ হয়নি। বুধবার কলকাতা থেকে উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে চারজনের মরদেহ বাঁকুড়ার শালবনি গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়। প্রিয়জনকে শেষ শ্রদ্ধা জানাতে গ্রামবাসী ও আত্মীয়রা ভিড় জমালেও, রতন ঘোষের বাড়ির ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন।

তুষারধসের ঘটনায় নিখোঁজ আটজনের মধ্যে এদিন চারজনের মরদেহ বাঁকুড়ার শালবনি গ্রামে নিয়ে আসা হয়। এছাড়া মনোজ খাওয়াসের দেহ গ্রহণ করে পরিবারের সদস্যরা নিয়ে যান কেশরা গ্রামে। স্বজন হারানোর কান্নায় ওই গ্রামগুলোর পরিবেশ ভারী হয়ে উঠলেও, রতন ঘোষের পরিবার রয়েছে চরম অনিশ্চয়তার মধ্যে।

অভাবের সংসারে টালির চালের ঘরটিতে এখন নিস্তব্ধতা। রতনের মা ঘরের এক কোণে মুখ লুকিয়ে শোক পালন করছেন। বাবা ভোলানাথ ঘোষ ছেলের ফেরার আকুল আবেদন জানিয়ে বলেন, “সবাই ফিরেছে, কিন্তু আমার ছেলে এখনও এল না। প্রশাসন যেন আমার ছেলেকে খুঁজে বের করার ব্যবস্থা করে।”

বাড়ির একমাত্র অবলম্বনকে হারিয়ে রতনের বোন লক্ষ্মীপ্রিয়াও শোকস্তব্ধ। তিনি জানান, প্রতি বছরই ভাইবোন মিলে ধুমধাম করে কালীপুজো করেন, কিন্তু এ বছর ভাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় সবকিছুই অর্থহীন হয়ে পড়েছে।

গ্রামের অন্য চারটি পরিবার প্রিয়জনের মরদেহ গ্রহণ করে শেষকৃত্য সম্পন্ন করলেও, রতনের পরিবার এখনও সেই মানসিক অবস্থায় পৌঁছাতে পারেনি। তাঁদের বিশ্বাসের শেষ আশ্রয়টুকু আঁকড়ে ধরে তাঁরা আশায় রয়েছেন— হয়তো রতন ফিরে আসবে। প্রশাসন সূত্রে খবর, কেদারতালের তুষারধসে নিখোঁজ আটজনের মধ্যে এখনো একজন নিখোঁজ রয়েছেন, যার খোঁজে তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *