বাংলার পথেই উত্তরপ্রদেশ! যোগীর রাজ্যে বিজেপির রাশ এখন শাহের হাতেই – বর্তমান বাংলা

২০২৭ উত্তরপ্রদেশ বিধানসভা ভোট: বিজেপির প্রধান সেনাপতি অমিত শাহ
নিজস্ব প্রতিবেদন: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী রণকৌশলের মূল কারিগর হতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মতো এবারও দেশের বৃহত্তম রাজ্যে নির্বাচন পরিচালনার পুরো দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই। আগামী ১৫ নভেম্বর ছটপুজোর পর থেকেই রাজ্যের ভোট প্রস্তুতি নিয়ে ধারাবাহিক বৈঠক শুরু করবেন তিনি।
২০২৭-এর লড়াইয়ে বিজেপি ‘ত্রিমুখী কৌশল’ নিয়ে এগোচ্ছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ও জনসভা, যোগী আদিত্যনাথ সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং অমিত শাহের সাংগঠনিক দক্ষতা। বিজেপির পরিকল্পনা অনুযায়ী, এবার কেবল জাতপাতের সমীকরণে সীমাবদ্ধ না থেকে তারা ২০১৭ সালের আগের ও পরের উত্তরপ্রদেশের তুলনামূলক চিত্রকে মূল নির্বাচনী হাতিয়ার করবে।
বিজেপির প্রচারে বিশেষ গুরুত্ব পাবে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির আমলের বিতর্কিত ঘটনাবলি। এর মধ্যে ১৯৯৫ সালের গেস্ট হাউস কাণ্ড, ২০১৩ সালের মুজফফরনগর হিংসা, মাফিয়াদের দাপট, জমি দখল ও অবৈধ খননের মতো বিষয়গুলি সামনে আনা হবে। একইসঙ্গে যোগী সরকারের শাসনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর নির্মাণ এবং শিল্পায়নকে প্রচারের কেন্দ্রবিন্দুতে রাখা হবে।
সামাজিক সমীকরণের নিরিখে পিছিয়ে পড়া ও দলিত ভোটব্যাঙ্ক ধরে রাখতেও বিশেষ পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। যুব, মহিলা ও কৃষকসহ সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পৌঁছানো এবং কর্মসংস্থান, স্বচ্ছ নিয়োগ, পিএম-কিসান ও আখচাষিদের বকেয়া মেটানোর মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে।
সাংগঠনিক ক্ষেত্রে পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্বাঞ্চল পর্যন্ত অঞ্চলভিত্তিক জনসভা এবং প্রতিটি বুথে বুথ কমিটি ও পন্নাপ্রমুখদের সক্রিয় করার পরিকল্পনা নিয়েছেন অমিত শাহ। সাংসদ-বিধায়ক থেকে শুরু করে নিচুতলার কর্মীদের ঐক্যবদ্ধভাবে ময়দানে নামানোই এখন বিজেপির প্রধান লক্ষ্য। যদিও ভোট পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্বে অন্য কোনো নেতার নাম ঘোষণা করা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অজানা, তবে সংগঠনের রাশ পুরোপুরি অমিত শাহের হাতেই থাকছে বলে নিশ্চিত দলীয় সূত্র।