আন্ডারওয়ার্ল্ডের হুমকি আর বয়কটের যন্ত্রণা! মুখ খুললেন বিবেক ওবেরয় – বর্তমান বাংলা

কেরিয়ারের অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুললেন বিবেক ওবেরয়, জানালেন আন্ডারওয়ার্ল্ডের হুমকির কথা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় পর নিজের জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার সময় নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি ‘রিলার্ন’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানিয়েছেন, কীভাবে ক্যারিয়ারের শুরুর দিকে এক অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি দীর্ঘকাল ইন্ডাস্ট্রির বয়কটের শিকার হয়েছিলেন এবং আন্ডারওয়ার্ল্ডের হুমকির মুখে পড়েছিলেন।
২০০০-এর দশকের শুরুর দিকের সেই বিতর্কিত সময়ের কথা স্মরণ করে বিবেক বলেন, “এটি ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়। আমি কেবল এমন কিছু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে চেয়েছিলাম যা আমার দৃষ্টিতে ভুল ছিল। নারীদের প্রতি সম্মান ও যথাযথ আচরণের বিষয়ে আমি সব সময় বিশ্বাসী, তাই যা অন্যায় মনে হয়েছে তার প্রতিবাদ করেছি।”
অভিনেতার দাবি, ওই ঘটনার পর থেকেই তাঁর জীবন কার্যত স্তব্ধ হয়ে যায়। একের পর এক প্রযোজক ও পরিচালক তাঁকে সিনেমা থেকে বাদ দিতে শুরু করেন এবং গোটা বলিউড তাঁর থেকে দূরত্ব তৈরি করে নেয়। তিনি আরও অভিযোগ করেন, সেই সময় পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে, যেসব নামী চলচ্চিত্র নির্মাতা তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন, তাঁদের কাছেও হুমকি ফোন যেতে শুরু করে। আন্ডারওয়ার্ল্ড ও প্রভাবশালী মহল থেকে নির্মাতাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হতো যেন তাঁরা বিবেককে কোনো ছবিতে না নেন।
একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মাশুল হিসেবে নিজের উদীয়মান ক্যারিয়ারে বড় ধাক্কা খেতে হয়েছিল তাঁকে। তবে সব প্রতিকূলতাকে জয় করে দীর্ঘ সময় পর আবারও অভিনয়ের মূল স্রোতে ফিরে এসেছেন বিবেক। সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে বিদ্যুৎ্জিহ্বার চরিত্রে অভিনয় করে তিনি ফের আলোচনায় এসেছেন। ইন্ডাস্ট্রির বয়কটের শিকার হয়েও লড়াই চালিয়ে যাওয়া বিবেকের এই প্রত্যাবর্তন তাঁর অনুরাগী ও সিনেপ্রেমীদের কাছে অনুপ্রেরণা হিসেবেই গণ্য হচ্ছে।