বিসমিল্লাহ খানের পৈতৃক বাড়ি ভাঙা নিয়ে উত্তাল রাজনীতি, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন অখিলেশ! – বর্তমান বাংলা

বিসমিল্লাহ খানের পৈতৃক বাড়ি ভাঙা নিয়ে উত্তাল রাজনীতি, বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন অখিলেশ! – বর্তমান বাংলা

ওস্তাদ বিসমিল্লা খানের পৈতৃক ভিটে ভাঙা নিয়ে বিতর্ক, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অখিলেশ যাদব

নিজস্ব প্রতিবেদন: বারাণসীতে ভারতরত্ন সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের পৈতৃক বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব।

ঘটনার সূত্রপাত বিসমিল্লা খানের পৈতৃক ভিটে ভাঙার খবর প্রকাশ্যে আসার পর। এ নিয়ে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও বার্তায় অখিলেশ যাদব অভিযোগ করেন, বিজেপি সরকার শিল্প ও শিল্পীদের প্রতি বিদ্বেষপরায়ণ। অখিলেশ লেখেন, “যাদের জীবনে কখনও সানাই বাজেনি, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়। সংকীর্ণমনা বিজেপি কর্মীরা বরাবরই শিল্প ও শিল্পীদের আক্রমণ করে আসছে।” অখিলেশের দাবি, বিজেপি নিজের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে শিল্পকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং সেই প্রক্রিয়ায় শিল্পের ইতিবাচক দিকগুলো মুছে ফেলার চেষ্টা করছে।

তবে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি উঠে এসেছে বাড়ির সংস্কার সংক্রান্ত প্রকৃত তথ্য। জানা গেছে, ওস্তাদ বিসমিল্লা খানের স্মৃতি রক্ষার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়িটি ভেঙে সেখানে একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে, যেখানে একটি জাদুঘর তৈরি করা হবে।

এ বিষয়ে ওস্তাদজির প্রপৌত্র গাজী আব্বাস জানান, নতুন ভবনের দ্বিতীয় তলায় ২২৫ বর্গফুট এলাকা জুড়ে এই মিউজিয়ামটি গড়ে উঠবে। সেখানে বিসমিল্লা খানের ব্যবহৃত সানাই (যার মধ্যে রুপোর সানাইও রয়েছে) এবং তাঁর ব্যক্তিগত বহু স্মৃতিচিহ্ন সংরক্ষিত থাকবে। আপাতত সংস্কার কাজের সুবিধার্থে সেই সমস্ত জিনিসপত্র বাড়ির অন্য একটি অংশে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিল্পীর স্মৃতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *