জন্মদিনে সাফাই কর্মীদের পা ধুয়ে নজির গড়লেন মন্ত্রী মৌমিতা! – বর্তমান বাংলা

জন্মদিনে সাফাই কর্মীদের পা ধুয়ে নজির গড়লেন মন্ত্রী মৌমিতা! – বর্তমান বাংলা

জন্মদিনে সাফাই কর্মীদের পা ধুইয়ে অনন্য নজির রাজ্যের মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: নিজের জন্মদিনে এক মানবিক উদ্যোগ নিয়ে খবরের শিরোনামে এলেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাফাই কর্মীদের পা ধুইয়ে তাঁদের সম্মান জানালেন মন্ত্রী।

বর্ধমানের বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়নের লক্ষ্যে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার কাজে বিশেষ জোর দিয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র। মূলত শহরকে সুন্দর রাখতে সাফাই কর্মীদের নিরলস পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত সাফাই কর্মীদের মঞ্চে চেয়ারে বসিয়ে মন্ত্রী নিজে হাতে তাঁদের পা ধুইয়ে দেন। পাশাপাশি তাঁদের সংবর্ধনাও জানানো হয়।

নিজের এই উদ্যোগের বিষয়ে মন্ত্রী বলেন, “ভোটে জেতার পর থেকেই শহরকে পরিচ্ছন্ন রাখার কাজ শুরু করেছি। আমাদের সাফাই কর্মীরা, বিশেষ করে মহিলারা, নিজেদের পরিবারের দায়িত্ব সামলে যেভাবে শহর পরিষ্কার রাখার কাজ করে চলেছেন, তা প্রশংসনীয়। তাঁদের এই অবদানকে সম্মান জানাতেই আমার জন্মদিনে এই ক্ষুদ্র প্রয়াস।”

মৌমিতা বিশ্বাস মিশ্র আরও বলেন, “ভালোবাসা ও সম্মান সকলেরই প্রাপ্য। মানবসেবাই ঈশ্বরসেবা—এই ভাবনা থেকেই আমি তাঁদের পাশে দাঁড়াতে চেয়েছি।” জন্মদিনের এই বিশেষ মুহূর্তে মন্ত্রীর এই মানবিক আচরণ ও সাফাই কর্মীদের প্রতি তাঁর শ্রদ্ধাবোধকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *