লখনউয়ের ক্লাসরুমে ১৩ বছরের ছাত্রের মর্মান্তিক মৃত্যু, শোকের মাতম পরিবারে! – বর্তমান বাংলা

লখনউয়ের ক্লাসরুমে ১৩ বছরের ছাত্রের মর্মান্তিক মৃত্যু, শোকের মাতম পরিবারে! – বর্তমান বাংলা

স্কুলে শ্রেণিকক্ষে লুটিয়ে পড়ে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকের ছায়া

লখনউ: শ্রেণিকক্ষে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হলো অষ্টম শ্রেণির এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লখনউয়ের জানকিপুরম এলাকার একটি স্কুলে। মৃত ছাত্রের নাম অর্থব।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই হাসিখুশি মনে সকালে বাড়ি থেকে স্কুলে গিয়েছিল অর্থব। কিন্তু ক্লাসে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সে আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনার সময় তার কাঁধে স্কুলব্যাগ ঝোলানো ছিল। ছাত্রটিকে অচেতন অবস্থায় দেখে প্রথমে শিক্ষক ও সহপাঠীরা হতভম্ব হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছান তার বাবা প্রেম সিং। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানকে এভাবে অকালে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার আকস্মিকতায় স্কুলের শিক্ষক এবং সহপাঠীরাও অত্যন্ত মর্মাহত।

খবর পেয়ে স্থানীয় পুলিশ হাসপাতালে পৌঁছে শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *