মিয়ামিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, রানওয়েতে ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের! – বর্তমান বাংলা

মিয়ামিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, রানওয়েতে ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

আমেরিকার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে অ্যামাজনের একটি পণ্যবাহী (কার্গো) বিমান। বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের রাস্তার দু’টি ট্রাকে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, Boeing 767-300 মডেলের ওই কার্গো বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে রওনা হয়ে দুপুর ২টো নাগাদ মিয়ামিতে অবতরণ করছিল। কিন্তু নামার পরপরই পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুত গতিতে থাকা বিমানটি রানওয়ের সীমানা পেরিয়ে সংলগ্ন ‘পেরিমিটার রোড’-এ চলে যায় এবং সেখানে আসা দু’টি ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পরপরই বিকট বিস্ফোরণে বিমানে আগুন ধরে যায় এবং চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় একটি ট্রাক সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেলেও বিমানটির মূল কাঠামো বড়সড় ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। নিহত ৫ জনের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর পরই মিয়ামি বিমানবন্দরের সমস্ত রানওয়ে ও পেরিমিটার রোড বন্ধ করে দেওয়া হয়, যার ফলে প্রায় ২৫০টি বিমানের ওঠানামা ব্যাহত হয়। আমেরিকার পরিবহণমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)। অন্যদিকে অ্যামাজনের পক্ষ থেকেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *