কাটমানি ও তোলাবাজি আর নয়, বিধায়ক-সাংসদদের কড়া বার্তা শুভেন্দুর! – বর্তমান বাংলা

কাটমানি ও তোলাবাজি আর নয়, বিধায়ক-সাংসদদের কড়া বার্তা শুভেন্দুর! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

তমলুক: দলীয় সংগঠনে গতি আনা ও কাজের স্বচ্ছতা সুনিশ্চিত করতে তমলুকে সাংগঠনিক জেলা বিজেপির কোর কমিটির বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যার এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের সঙ্গে মণ্ডল সভাপতিদের সমন্বয়ের ঘাটতি দূর করা এবং তোলাবাজি ও কাটমানি বন্ধের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

তমলুকের মানিকতলায় দলীয় কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুক, পূর্ব পাঁশকুড়া, ময়না, নন্দকুমার, মহিষাদল ও হলদিয়ার বিধায়কগণ, জেলা সভাপতি মলয় সিনহা এবং জেলা সভাধিপতি বামদেব গুছাইত-সহ জেলা কোর কমিটির শীর্ষ সদস্যরা।

বৈঠকের মূল নির্দেশ ও সিদ্ধান্তসমূহ:

  • সংগঠনিক সমন্বয়সাধন: শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, মণ্ডল সভাপতিরাই সংগঠনের মূল ভিত্তি। অনেক জায়গাতেই বিধায়ক ও সাংসদদের সঙ্গে মণ্ডল সভাপতিদের যোগাযোগের ঘাটতি তৈরি হচ্ছে, যা ক্ষোভের জন্ম দিচ্ছে। এই ‘কমিউনিকেশন গ্যাপ’ দ্রুত মিটিয়ে সবাইকে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
  • দুর্নীতি ও তোলাবাজিতে জিরো টলারেন্স: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোনো কাটমানি নেওয়া চলবে না। নগদে অর্থ সংগ্রহের বদলে অনলাইন বা ডিজিটাল লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাস স্ট্যান্ডে কুপন কেটে টাকা আদায়ের মতো সমস্ত অনৈতিক কাজ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
  • উন্নয়ন ও জনমুখী উদ্যোগ: বিধায়ক ও সাংসদ তহবিলের কাজ দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার সুস্পষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। একই সঙ্গে নন্দীগ্রামে চলমান প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে জেলা নেতৃত্ব জানান, সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সংগঠনকে পূর্ণাঙ্গভাবে ‘জনমুখী’ করে তোলা এবং স্বচ্ছতা বজায় রাখাকেই আগামী দিনের মূল লক্ষ্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *