করণ জোহরের নতুন ধামাকা! পর্দায় এবার রাধা-কৃষ্ণের অমর প্রেম কাহিনী – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
ফ্যামিলি ড্রামা ও ক্লাসিক রোম্যান্সের পর এবার ভক্তিমূলক ছবির ময়দানে নামছেন বলিপাড়ার প্রখ্যাত প্রযোজক করণ জোহর। ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে রাধা-কৃষ্ণের কালজয়ী ও মহাকাব্যিক প্রেমকাহিনি নিয়ে একটি বড় বাজেটের সিনেমা তৈরির পরিকল্পনা চলছে। আপাতত ‘রাধা কৃষ্ণ’ নামাঙ্কিত এই প্রজেক্টটি বর্তমানে প্রাথমিক স্তরে রয়েছে। পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, কন্নড় চলচ্চিত্র জগতের খ্যাতনামা পরিচালক ও সম্পাদক সচিন রবিকে এই বিগ বাজেট ছবিটির পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্রের খবর, করণ জোহর বহু দিন ধরেই রাধা-কৃষ্ণের প্রেম নিয়ে কাজ করতে চেয়েছেন এবং অবশেষে একটি মনপসন্দ চিত্রনাট্য পেয়েছেন। ছবিটির মূল কেন্দ্রবিন্দুতে রাধা-কৃষ্ণের প্রেমের আবেগ ও ট্র্যাজেডি থাকলেও, বিশাল ক্যানভাসে কৃষ্ণের জন্ম থেকে কংসবধের মতো ঐতিহাসিক অধ্যায়গুলো ফুটিয়ে তোলা হবে। সম্প্রতি অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত ‘চাঁদ মেরা দিল’ মুক্তির পর ধর্মার এই নতুন প্রজেক্ট নিয়ে চর্চা শুরু হলেও, কাস্টিং ও মুক্তির দিন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।