শাড়ির আঁচলে সপ্তপদী! উত্তম-সুচিত্রার রোমান্টিক দৃশ্যে ঋতুপর্ণার অভিনব শ্রদ্ধা – বর্তমান বাংলা

শাড়ির আঁচলে সপ্তপদী! উত্তম-সুচিত্রার রোমান্টিক দৃশ্যে ঋতুপর্ণার অভিনব শ্রদ্ধা – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার টালিগঞ্জে এক বিশেষ শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে মহানায়কের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ ও ঋতুপর্ণার মতো টলিউডের শীর্ষস্থানীয় তারকারা।

তবে এই আয়োজনে সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মহানায়ককে শ্রদ্ধা জানাতে তিনি পরেছিলেন একটি বিশেষ থিমভিত্তিক শাড়ি। ঘিয়ে রঙের সেই শাড়ির আঁচলে ফুটিয়ে তোলা হয়েছিল ‘সপ্তপদী’ ছবিতে উত্তম কুমার ও সুচিত্রা সেনের সেই অমর দৃশ্য— যেখানে বাইকে চড়ে গাওয়া হয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’ গানটি। মেরুন রঙের ফুল-স্লিভ ব্লাউজের সঙ্গে এই অনন্য সাজে নজর কাড়েন তিনি। ঋতুপর্ণার শাড়ির এই অভিনব কারুকার্য দেখে মুগ্ধ হন প্রসেনজিৎ, দেব ও জিতের মতো তারকারাও।

মূর্তিতে মাল্যদান পর্বের পর সন্ধ্যায় নন্দনের পদযাত্রাতেও অংশ নেন অভিনেত্রী, যেখানে তাঁর পোশাকের থিম ছিল সাদা-কালো।

এদিকে মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষ্যে টালিগঞ্জ ছাড়াও নজরুল মঞ্চে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার কালচার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে টলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা সিনেমার সোনালী অতীত এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি চলচ্চিত্র শিল্পকে তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোরালো বার্তা দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *