সংসদের এফসিআরএ বিল, বিরোধীদের সুর কি স্তব্ধ হবে? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
বিতর্কিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল (এফসিআরএ) পর্যালোচনার জন্য ৩১ সদস্যের যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠন করল লোকসভা সচিবালয়। নিয়ম অনুযায়ী সংসদের আসন সংখ্যার নিরিখে গঠিত এই কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে বিজেপির লোকসভা সাংসদ সংজয় জয়সওয়ালকে। কমিটিতে লোকসভার ২১ এবং রাজ্যসভার ১০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে সবচেয়ে বেশি ১৪ জনই শাসকদল বিজেপির। বিপরীতে প্রধান বিরোধী দল কংগ্রেসের মাত্র ৫ জন এবং তৃণমূল, জেডিইউ ও ডিএমকে-র দু’জন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া অন্যান্য দল থেকে একজন করে সদস্যকে রাখা হয়েছে। অতীতে ওয়াকফ সংক্রান্ত সংসদীয় কমিটিতেও বিরোধীদের প্রস্তাব গুরুত্ব না পাওয়ার অভিযোগ উঠেছিল। ফলে এই নতুন কমিটিতেও সংখ্যায় নগণ্য বিরোধী সাংসদের মতামত কতটুকু স্থান পাবে, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
চলতি বছরের ২৫ মার্চ সংসদে বিলটি পেশ হলেও বিরোধীদের জোরালো আপত্তির কারণে এখনও তা নিয়ে কোনো আলোচনা সম্ভব হয়নি। গত ১২ আগস্ট বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রস্তাবিত সংশোধনীর বেশ কিছু নির্দিষ্ট ধারা নিয়ে মূল বিরোধ তৈরি হয়েছে। বিলের খসড়া অনুযায়ী, কোনো সংস্থা বা ব্যক্তি বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স হারালে তাদের নির্মিত সমস্ত সম্পত্তি—যেমন স্কুল, হাসপাতাল বা উপাসনালয়—একটি নির্ধারিত কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, কোনো বিচার বিভাগীয় পর্যালোচনা ছাড়াই অত্যন্ত স্বয়ংসক্রিয় উপায়ে এই দখল প্রক্রিয়া সম্পন্ন হবে। বিচারবিভাগকে পাশ কাটিয়ে এমন একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে বিরোধী দলগুলি। এখন বিজেপির নিয়ন্ত্রণে থাকা এই যৌথ কমিটি শেষ পর্যন্ত কী সুপারিশ পেশ করে, সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।