টানা বৃষ্টিতে ভাসছে বাংলা, প্লাবনের আশঙ্কায় কোন কোন জেলা? – বর্তমান বাংলা
বর্তমান ডেস্কঃ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যজুড়ে অব্যাহত প্রবল দুর্যোগ। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করায় ও একাধিক আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই এই টানা বৃষ্টি।
এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্ত। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণে মাইথন ও পঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় দক্ষিণবঙ্গের নিম্নাঞ্চলে তীব্র প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের দুর্যোগ সন্ধ্যার পর কিছুটা কমলেও, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ ওপরের পাঁচ জেলায় বৃষ্টির প্রকোপ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।