টাইমস স্কোয়ারে নৃশংস হত্যাকাণ্ড: প্রাণ হারালেন ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
আমেরিকার নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ারে এক ভয়াবহ আততায়ী হামলায় প্রাণ হারালেন ‘ব্যাঙ্ক অফ আমেরিকা’র ভাইস প্রেসিডেন্ট (বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস) এরিন পিয়াতসেন্তি। গত সোমবার বিকেলে জনাকীর্ণ এলাকায় এক মহিলার অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও এক প্রবীণ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারী মহিলার নাম পামেলা সিসনেরোস (৪৯)। নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা পামেলা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন ব্যাগ থেকে একটি বড় ছুরি বের করে প্রথমে লোকজনকে ভয় দেখান তিনি। এরপর ৬৮ বছর বয়সি এক বৃদ্ধের পেটে ছুরি চালিয়ে দেন। তার পরপরই এরিন পিয়াতসেন্তির উপর প্রাণঘাতী হামলা চালান।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পামেলাকে অস্ত্র নামিয়ে রাখার নির্দেশ দেয় এবং স্টান গান ব্যবহার করে তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে শেষপর্যন্ত বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই ওই আততায়ী মহিলার মৃত্যু হয়। স্থানীয় পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই নৃশংস হামলার সঙ্গে কোনো সন্ত্রাসী সংযোগ নেই।