ইউসিসি ও ধর্মান্তর-বিরোধী আইন নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর!

পশ্চিমবঙ্গে লভ জেহাদ, ল্যান্ড জেহাদ ও জোরপূর্বক ধর্মান্তরকরণ রুখতে এবার কড়া আইন আনার পথে হাঁটছে রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যে দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার বিষয়েও সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এক জনসভায় এই ঘোষণা করে তিনি জানান, গুজরাট, উত্তরাখণ্ড এবং আসামের মডেল অনুসরণ করে রাজ্যে নতুন বিল আনা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে এবং বিল পেশের আগে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে। ইতিমধ্যে সংসদ বিষয়ক মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ অভিন্ন দেওয়ানি বিধি বিল, ২০২৬’ আনার আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এই বিলকে সমাজে মেরুকরণকারী এবং সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের অধিকারের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, বৈচিত্র্যময় ভারতে একক আইন কার্যকর করার আগে সমস্ত সম্প্রদায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা ও ঐকমত্য প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে কোনো দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ইস্তাহারে করা প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *