রবিবার ১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন আপনার বিকল্প রুট!

জরুরি রক্ষণাবেক্ষণের জন্য রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

আগামীকাল, ২৮ জুন রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতুর জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে কলকাতা পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC) জানিয়েছে, সেতুর ‘স্টে অ্যান্ড হোল্ডিং-ডাউন ক্যাবল’ ও বিয়ারিং পরিবর্তনের মতো জটিল কাজের সময় কোনো ধরনের কম্পন এড়াতে এই মেগা ব্লক নেওয়া হয়েছে।

সেতুটি বন্ধ থাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু বিকল্প রুট নির্ধারণ করেছে পুলিশ। এজেসি বোস রোড ও খিদিরপুর থেকে আসা গাড়িগুলোকে হেস্টিংসিং ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ১১ ফার্লং গেট থেকে আসা গাড়িগুলোকেও একইভাবে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে এবং কে পি রোডের গাড়িগুলোকে ওয়াই-পয়েন্ট থেকে রেড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশ সতর্ক করেছে যে, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় হাওড়া ব্রিজ ও বালি ব্রিজে গাড়ির চাপ বাড়তে পারে, যার ফলে রবিবার শহরের ট্রাফিক ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *