আবাস যোজনার নামে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর!
June 27, 2026
সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে উপভোক্তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শরিফ শেখ ওরফে হাড্ডিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি প্রকল্পের সুবিধার নাম করে এলাকার বেশ কয়েকজন মহিলার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীরা সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার পর পুলিশ শুক্রবার রাতে শরিফের বাড়িতে অভিযান চালায়। জিজ্ঞাসাবাদের পর শনিবার তাঁকে জঙ্গিপুর এসিজেএম আদালতে হাজির করা হয়েছে। তদন্তের প্রয়োজনে ধৃত কাউন্সিলরকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।