নিজের মেয়ে হলেও ফাঁসি চাই! হবু স্বামী খুনের ঘটনায় হতবাক দেশ
পুনের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুট চলাকালীন তরুণ ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়ালকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নিহত কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী। আগামী নভেম্বরে সিয়া ও কেতনের বিয়ের কথা ছিল এবং এর জন্য ১৭ কোটি টাকা ব্যয়ে একটি বিলাসবহুল প্রাসাদও বুক করা হয়েছিল। তবে প্রেমিকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সিয়া ঠান্ডা মাথায় কেতনকে ৩৫০ ফুট উঁচু খাদে ধাক্কা দিয়ে হত্যার ছক কষেন এবং ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করেন। তদন্তে সিয়ার বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় পুলিশের হাতে ধরা পড়েন অভিযুক্তরা।
মেয়ের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ সামনে আসার পর থেকে ভেঙে পড়েছে সিয়া গোয়েলের পরিবার। অভিযুক্তের বাবা প্রবীণ গোয়েল জানিয়েছেন, নিজের মেয়ে অপরাধী প্রমাণিত হলে যেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ গোয়েল এবং তাঁর স্ত্রী দুজনেই সিয়ার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। একজন মা হিসেবে সিয়ার মা জানিয়েছেন, তাদের মেয়ে দোষী হলে তিনিও তার ফাঁসির শাস্তিই মেনে নেবেন।