ক্রিকেটের মাঠে প্রেম আর খুনের রহস্য, সিয়া-চেতনের ছকে কি শেষ কেতন?

পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, এই খুনের মূল অভিযুক্ত সিয়া গোয়েল ও চেতন চৌধুরীর প্রেমের সূত্রপাত হয় ক্রিকেট মাঠ থেকে। চেতন পেশাদার ক্রিকেটার ছিলেন এবং সিয়ার দাদা সাহিলের মাধ্যমে তাঁর সঙ্গে সিয়ার পরিচয় হয়। পরিবারের আপত্তিতে সিয়ার বিয়ে কেতন আগরওয়ালের সঙ্গে হলেও, প্রেমের সম্পর্ক বজায় ছিল চেতন ও সিয়ার মধ্যে। পুলিশের হাতে আসা কল ডিটেল রেকর্ড (সিডিআর) অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে খুনের আগ পর্যন্ত এই দুজনে প্রায় ২,০০৪ বার কথা বলেছেন, যার মোট সময়কাল ২৩৮ ঘণ্টা।

তদন্তকারীদের দাবি, গত ১৭ জুন লুল্লানগরের একটি ক্যাফেতে সিয়া ও চেতনের এক ঘণ্টার গোপন বৈঠকেই লোহাগড় দুর্গের হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল। খুনের পর অভিযুক্তরা তাদের হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের কথোপকথন মুছে ফেললেও ফরেনসিক টিম তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় সিয়ার দাদা সাহিলকে শুক্রবার দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। গত ১৮ জুন লোহাগড় দুর্গের খাদ থেকে কেতন আগরওয়ালের দেহ উদ্ধারের পর থেকেই এই হাই-প্রোফাইল মামলার ডিজিটাল প্রমাণের ওপর বিশেষ জোর দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *