নেতাদের দিকে ধেয়ে আসছে ডিম! ক্ষোভ আর অস্বস্তিতে তৃণমূলের অন্দরমহল
প্রতিবাদের ভাষা হিসেবে ‘ডিম ছোড়া’র ঘটনায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব, কঠোর বার্তার পরেও অব্যহত বিক্ষোভ
প্রতিবাদের ভাষা হিসেবে ‘ডিম ছোড়া’ সমর্থনযোগ্য নয় বলে মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য কঠোর বার্তা দিলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের লক্ষ্য করে এমন আক্রমণের ঘটনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার আউশগ্রাম, বারাসাত, কোচবিহার, আলিপুরদুয়ার ও ধূপগুড়িতে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। দুর্নীতি ও কাটমানির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাদের আদালতে নিয়ে যাওয়ার সময় বা তাঁদের বাড়ি লক্ষ্য করে এই ‘ডিমোক্রেসি’ বা ডিমের আক্রমণের মুখে পড়তে হয়েছে।
আউশগ্রামে দুর্নীতিতে ধৃত প্রাক্তন ব্লক সভাপতি ও তাঁর ছেলেকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ডিম ছুড়লে পুলিশ তাঁদের হেলমেট পরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। এছাড়া, বারাসাতে প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়ি, কোচবিহারে তুফানগঞ্জের প্রাক্তন ওয়ার্ড সভাপতির ওপর এবং আলিপুরদুয়ার ও ধূপগুড়িতে যুব তৃণমূল নেতা ও এক স্থানীয় নেত্রীর বাড়ি ঘেরাও করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে এবং এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ভবিষ্যতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।