স্বাভাবিক হয়ে যাওয়াই এখন সবচেয়ে বড় অসুখ!
হাওড়ার টিকিয়াপাড়ায় পূর্ব রেলের জমিতে গড়ে ওঠা বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ অভিযান এবং এ বিষয়ে সমাজের ক্রমবর্ধমান নীরবতাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন। নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।
নিজের পোস্টে ঋদ্ধি সেন উচ্ছেদের ঘটনাকে এক গভীর সামাজিক সংকট হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নিয়ে প্রশ্ন না তুলে বরং যুক্তির লড়াই চলছে এবং সমাজের অনেকের কাছেই অন্যের ছাদ কেড়ে নেওয়া এখন ‘স্বাভাবিক’ ঘটনায় পরিণত হয়েছে। অভিনেতার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে প্রশাসনের দাবি, সরকারি ও রেলের জমি দখলমুক্ত করা একটি আইনি প্রক্রিয়া। অন্যদিকে মানবাধিকারকর্মীদের মতে, কোনো পরিবারকে উচ্ছেদের আগে পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের নৈতিক ও মানবিক দায়িত্ব।