পুলিশের হুমকি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মহুয়ার, তৃণমূলকে শেষ করার সুপরিকল্পিত ছক!
তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার জন্য রাজ্যজুড়ে সুপরিকল্পিত অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, তৃণমূলের নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে দিতে সাঁড়াশি চাপ প্রয়োগ করা হচ্ছে এবং অঞ্চল পর্যায়ের নেতাদের বৈঠক করতে গেলেই পুলিশ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। ক্ষমতার জোরে ২ কোটি ৬০ লক্ষ মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তৃণমূলের শিকড় মাটির গভীরে থাকায় তা উপড়ে ফেলা অসম্ভব। আগামী ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের পরবর্তী দিশা নির্ধারণ করবেন বলেও তিনি কর্মীদের আশ্বস্ত করেছেন।
পাশাপাশি রাজ্যের নতুন সরকারের নীতি নিয়েও তীব্র সমালোচনা করেছেন মহুয়া মৈত্র। মিড-ডে মিলে ডিম দেওয়া নিয়ে বিজেপির প্রচারকে ‘রাজনীতি’ আখ্যা দিয়ে তিনি বলেন, গরিব শিশুরাই এই খাবারের ওপর নির্ভরশীল, তাই তা নিয়ে টানাটানি অর্থহীন। এছাড়া ‘অন্নপূর্ণা যোজনা’র সমালোচনা করে তিনি জানান, পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ২ কোটি ৪০ লক্ষ মহিলা উপকৃত হলেও, নতুন বাজেটে মাত্র ১ কোটি মহিলার জন্য বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে ১ কোটি ৪০ লক্ষ মহিলা বঞ্চনার শিকার হবেন এবং নতুন নিয়মের বেড়াজালে অনেকেই সরকারি অনুদান থেকে বাদ পড়বেন বলে তিনি দাবি করেন।