মুর্শিদাবাদে ফের হুমকি হুমায়ুন কবীরের, ‘স্যাটাভাঙা মার’ নিয়ে তুঙ্গে বিতর্ক!
মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে এক জনসভা থেকে বিরোধী শিবিরের উদ্দেশ্যে চরম উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করেছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবারের ওই সভায় দাপুটে এই নেতা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুর্শিদাবাদে অতিরিক্ত আস্ফালন দেখালে তিনি মুসলমানদের জড়ো করে এমন মারধর করবেন যে, প্রতিপক্ষের পালানোর পথ থাকবে না। এই মন্তব্যের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজস্ব দল গঠন করে নওদা ও রেজিনগর থেকে জয়ী হন হুমায়ুন কবীর। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, জেলায় নিজের আধিপত্য বজায় রাখা এবং বিজেপির প্রভাব রুখতেই তিনি এই ধরনের উগ্র অবস্থান গ্রহণ করছেন। জনসভায় তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে মামলা হলেও তিনি পরোয়া করেন না এবং পরিস্থিতি অনুযায়ী তিনি পুলিশ সুপার বা মুখ্যমন্ত্রী কাউকেও তোয়াক্কা করবেন না। জনপ্রতিনিধির মুখে প্রশাসনের প্রতি এমন চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গোষ্ঠীগত উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে, যদিও এই ঘটনায় রাজ্যের শাসক শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।