কান্নায় বিরক্ত হয়ে ৬ মাসের শিশুকে কুপিয়ে খুন মায়ের!
June 27, 2026
বিহারের পশ্চিম চম্পারণ জেলার গোপালপুরে নিজের ছয় মাস বয়সি শিশুকন্যাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শিশুটির ক্রমাগত কান্নায় বিরক্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর এই হামলা চালানো হয়। ঘটনার পর অভিযুক্ত গৃহবধূ পুজা কুমারী নিজেও একই অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোপালপুর থানার পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গুরুতর আহত অবস্থায় পুজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ বিষয়ে থানার আধিকারিক অঙ্কিত কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত মহিলার মানসিক অবসাদ বা বিকার থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চিকিৎসকদের পরীক্ষার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।