রয়্যাল বেঙ্গলের গায়ের রং বদলে যাচ্ছে, জিনগত সংকট রুখতে সাফারি পার্কে আগমন সাদা বাঘিনির!
শিলিগুড়ির বেঙ্গল সাফারি ও দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের মধ্যে বাঘ বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পর্যটকদের ভিড় কমতেই গ্রিন করিডর তৈরি করে এই স্থানান্তর করা হয়। বিনিময় প্রক্রিয়ায় বেঙ্গল সাফারি থেকে ‘শীলা’ ও ‘বিভান’-এর আড়াই বছর বয়সি কন্যা রয়্যাল বেঙ্গল বাঘিনি ‘এস২’-কে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে, শিলিগুড়িতে আনা হয়েছে দার্জিলিং চিড়িয়াখানার দশ বছর বয়সি সাদা বাঘিনি ‘নাগমণি’-কে। বর্তমানে নতুন পরিবেশে মানিয়ে নিতে নাগমণিকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে বেঙ্গল সাফারিতে একই পরিবারের বাঘের মধ্যে প্রজনন বা ‘ইনব্রিডিং’ চলায় জিনগত সমস্যার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এই বিনিময় বাঘেদের জিনগত বৈচিত্রে ইতিবাচক পরিবর্তন আনবে এবং বংশগত রোগ বা বিকৃতির ঝুঁকি কমাবে। এছাড়াও, দীর্ঘদিন ধরে দার্জিলিং চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগারের অভাব ছিল, যা ‘এস২’-এর আগমনে পূরণ হওয়ায় পর্যটকদের আকর্ষণ বাড়বে বলে আশা করা হচ্ছে।