হেলমেট আর ঢালও বাঁচাতে পারল না, থানা থেকে বেরোতেই তৃণমূল নেতা ও ছেলের ওপর ডিমের বৃষ্টি!
পূর্ব বর্ধমানের আউশগ্রামের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি শেখ আব্দুল লালন এবং তাঁর ছেলে শেখ আফজল রহমানকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শুক্রবার আদালতে প্রবেশের পথে তাঁদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয় এবং উপস্থিত জনতা তাঁদের ‘চোর’ বলে স্লোগান দেন। কড়া পুলিশি নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম থাকা সত্ত্বেও এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। বর্তমানে অভিযুক্তরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসা, মারধর, ভাঙচুর, লুঠপাট এবং মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে এই দুজনকে কলকাতা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ভুঁয়েরা গ্রামের বিজেপিকর্মী কিরণশঙ্কর হালদারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, নির্বাচনের ফলাফলের পর অভিযুক্তদের উপস্থিতিতে তাঁর বাড়ি ও কাপড়ের দোকানে হামলা চালিয়ে সাত লক্ষ টাকার সামগ্রী লুট করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দীর্ঘ সময় ভয়ে মুখ না খুললেও সম্প্রতি লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।