বালিতে তৃণমূল নেতার বাড়িতে ডিমের বৃষ্টি, তোলপাড় এলাকা!

হাওড়ায় তৃণমূল নেতার বাড়ি ঘিরে এলাকাবাসীর তীব্র বিক্ষোভ, ঘরবন্দি নেতা

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে উত্তাল হাওড়ার বালি। শুক্রবার বালিখাল সংলগ্ন এন পাল লেনে স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে জড়ো হয়ে এলাকাবাসী ও বিজেপি কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তেজনার মুখে পড়ে নিজের বাড়িতেই ঘরবন্দি হতে হয়েছে তৃণমূল নেতাকে। অভিযোগ, বিক্ষোভের মুখে তিনি বাড়ি থেকে বেরোলে তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত তিনি নিজের সদর দরজায় তালা লাগিয়ে ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন।

স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, দাপুটে নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলাকায় বিভিন্ন দুর্নীতি, তোলাবাজি ও অত্যাচারের সঙ্গে যুক্ত। অতিষ্ঠ হয়েই এলাকাবাসী আজ পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। যুব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি কৈলাশ মিশ্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় জমা না পড়লেও, এই ঘটনাকে কেন্দ্র করে বালির সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *