মাঝরাতে নাটকীয় অভিযান, পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক!
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালানোর সময় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন ছাত্রনেতা পলাশ চক্রবর্তীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ সাদা রঙের একটি গাড়িতে করে আসা পাঁচজন পুলিশকর্মী ব্যান্ডেলের বাড়ি থেকে পলাশকে আটক করে নিয়ে যান। তবে ঠিক কোন মামলায় বা কোন থানার পুলিশ তাঁকে আটক করেছে, তা নিয়ে পরিবারের সদস্যরা অন্ধকারে রয়েছেন।
তৃণমূলের সক্রিয় কর্মী পলাশ চক্রবর্তী অতীতে শ্রীরামপুর কলেজের জেনারেল সেক্রেটারি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুমিত রায়ের সঙ্গেও তাঁর গভীর ঘনিষ্ঠতা ছিল। এদিকে, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত সুমিত রায়ের আগাম জামিনের আবেদন আদালত খারিজ করে দেওয়ার পর তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। শালবনি থানা ইতোমধ্যেই সুমিতের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছে এবং তাঁকে ধরতে তাঁর ঘনিষ্ঠ মহলে পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছে।