লাল গাড়িতে যুগলের বীভৎস দেহ! রহস্যময় মৃত্যুতে তোলপাড় মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশের অশোকনগরে একটি নির্জন রাস্তা থেকে ঋত্বিক সোনি (২৬) এবং মুসকান জৈন (২৪) নামে দুই তরুণ-তরুণীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ মাহানা গ্রামের কাছে ইশাগড় রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি লাল রঙের গাড়ির ভেতর থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের মধ্যে যুবকের মাথায় গুলির ক্ষত এবং তরুণীর গলার নলি কাটা ছিল। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, রক্তমাখা কুড়ুল, করাত, বিষের প্যাকেট ও একটি চিরকূট উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গাড়ির বাইরে তিনটি মোবাইল ফোন, তিনটি টুপি ও একটি লাইটার পাওয়া গেছে এবং গাড়ির পেছনের সিটটি ছিল পোড়া।

অশোকনগরের পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছেন, চিরকূটের ভিত্তিতে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও পরিবারের তোলা খুনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তে ছয় সদস্যের বিশেষ দল (SIT) গঠন করা হয়েছে এবং ফরেন্সিক টিম অকুস্থল পরীক্ষা করেছে। অন্যদিকে ঋত্বিকের পরিবারের দাবি, কুড়াল ও করাতের মতো একাধিক অস্ত্র ব্যবহারের বিষয়টি এটি পরিকল্পিত খুনের দিকে ইঙ্গিত দেয়। ইন্দোরে কর্মরত এই দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় মুসকানের পরিবার পুলিশের বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি নিতে গড়িমসির অভিযোগ তুলেছে। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্ট ও সিসিটিভি ফুটেজের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *