পাসপোর্ট ফি বাড়ল ১৪ বছর পর, আপনার কত টাকা খরচ হবে?
দীর্ঘ ১৪ বছর পর পাসপোর্ট তৈরির ফি বাড়াল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে এই বর্ধিত কার্যকর হবে। ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের ফি ১,৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২,৫০০ টাকা এবং তৎকাল পরিষেবার ফি ৩,৫০০ টাকা থেকে বেড়ে ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৬০ পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে ২,০০০ টাকার পরিবর্তে ৩,৫০০ টাকা এবং তৎকাল পরিষেবার জন্য ৪,০০০ টাকার পরিবর্তে ৬,০০০ টাকা ফি দিতে হবে।
পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের জন্য ৫,০০০ টাকা, তৎকালের জন্য ৭,৫০০ টাকা, ৬০ পাতার সাধারণের জন্য ৬,০০০ টাকা এবং তৎকালের জন্য ৮,৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের ফি ১,৭৫০ টাকা এবং তৎকালের জন্য ৪,২৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), পাসপোর্ট সারেন্ডার সার্টিফিকেট এবং গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামের ভেরিফিকেশনের জন্য দেশ থেকে আবেদনের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের ক্ষেত্রে এই ফি ৫০ মার্কিন ডলার (প্রায় ৩,৭০০ টাকা)। বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে যে, পাসপোর্ট কেবল ভ্রমণের নথি, এটি নাগরিকত্বের বা পরিচয়পত্রের কোনো প্রমাণ নয়।